সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

পরে নবনিযুক্ত পুলিশ কমিশনার পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় পুলিশ কমিশনার হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

এরপর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ মতবিনিময়কে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment