২৫ জেলায় ডিসি প্রত্যাহারের প্রস্তুতি, ফাইল উঠতেই শুরু তদবির

মাঠ প্রশাসনে বড় রদবদলের আভাস, সচিবালয় থেকে মাঠপর্যায়ের তিন শতাধিক কর্মকর্তা নজরদারিতে

by The Justice Bangla

মোঃ এমদাদ হোসেন ভূঁইয়াঃ মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। শিগগিরই দেশের ২৫ জেলায় জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। ডিসি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পছন্দের পদে বহাল থাকতে এবং নতুন জেলায় নিয়োগ পেতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবির শুরু হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলমগীর কবির। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলতি সপ্তাহে অথবা পরবর্তী সময়ে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। বিশেষ করে যেসব কর্মকর্তার ডিসি হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই মাঠ প্রশাসনে আরও কিছুদিন থাকতে আগ্রহী।

এদিকে ডিসি নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে ডিসি ফিট লিস্ট তৈরির প্রক্রিয়ায় প্রায় ১৩০ থেকে ১৫০ জন কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৪০ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কর্মকর্তাদের ভূমিকা, অতীত কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রশাসনের উচ্চপর্যায়েও আসতে পারে বড় পরিবর্তন। চলতি মাস ও আগামী ডিসেম্বর মাসে কয়েকজন সচিবের অবসরে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব এ জে এম সালাহউদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। এ ছাড়া সরকারি কর্ম কমিশনের সচিব মো. ফজলুর রহমান চলতি মাসে অবসরে যাচ্ছেন।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারের অবসরে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদও শূন্য রয়েছে। ফলে এসব গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ বিষয়ে ইনকিলাবকে বলেন, প্রশাসনের কর্মকর্তা, ডিসি ও সচিব পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এসব তালিকা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৪ জেলায় বিভিন্ন বিসিএস ব্যাচের কর্মকর্তারা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে কয়েকজনকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সব মিলিয়ে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ২৫ জেলায় ডিসি প্রত্যাহার এবং সচিব পর্যায়ের পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিষয়গুলোকে সম্ভাব্য প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই বিবেচনা করতে হবে।

 

You may also like

Leave a Comment

;