টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৯ আগস্ট) রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি SVD Dragunov রাইফেল ও একটি ৯ মিমি বিদেশি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন টেকনাফ।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে বোটে থাকা চক্রের সদস্যরা সেটি ফেলে পালিয়ে যায়।

এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, ম্যাগাজিনসহ একটি ৯ মিমি বিদেশি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

;