সাগর আহমেদঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারি আরমান হোসেন পিপলুকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরমান হোসেন পিপলুর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছাগলনাইয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।
