হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড স্টেশন চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযান শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান (অতিরিক্ত দায়িত্ব) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি জব্দ করা তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
