এমদাদ হোসেন ভুঁইয়া,সিলেট ব্যুরোঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় ১২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত মহানগরীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি চলবে।
রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন এসএমপির পুলিশ কমিশনার। পরে চৌহাট্টা থেকে রিকাবীবাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সমাবেশে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি পরিচালিত হবে। গত জুন মাস থেকে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আরও জোরদারভাবে চলবে। মাদকসেবী ও মাদক কারবারিদের পাশাপাশি পর্যায়ক্রমে মাদকের গডফাদারদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয় এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। আগামী প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পুলিশ কমিশনার আরও আহ্বান জানান, কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে ‘জিনিয়া’ অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে।
সমাপনী বক্তব্যে তিনি র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
