জোরারগঞ্জে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

by The Justice Bangla

সাকিব চৌধুরী, চট্টগ্রামঃ চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছৈয়দুল আমিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানাধীন পৌরসভার নন্দীগ্রাম (গাছ মার্কেট) এলাকার ৫ নম্বর ওয়ার্ডের শান্তুর ভাঙ্গারির দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছৈয়দুল আমিন কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাই বাড়ির মৃত আবদুল উদুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মো. সাদ্দাম হোসেনসহ পুলিশের একটি দল নন্দীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছৈয়দুল আমিনের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রামের বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলাটি ২০২৫ সালের ৫ জানুয়ারি দায়ের করা হয়, যার নম্বর ৯।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

You may also like

Leave a Comment

;