ঘুমধুম সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারীরা

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে সীমান্ত পিলার-৩১ সংলগ্ন কাঁকড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁকড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

;