সিলেট নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগর পরিবেশ রক্ষায় সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর চালিবন্দর এলাকায় আলোচনা সভার মাধ্যমে ‘বর্ষায় বৃক্ষরোপণ, সবুজের আচ্ছাদন’ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সোবহানীঘাট এলাকার সড়ক ডিভাইডারে নিমগাছের চারা রোপণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধরা সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। প্রধান আলোচক ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এছাড়া বিভিন্ন পেশাজীবী ও পরিবেশকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্ষাকাল এ জন্য সবচেয়ে উপযুক্ত সময়। পরিকল্পিতভাবে দেশীয় গাছ রোপণ ও পরিচর্যা করা গেলে নগরীর প্রধান সড়কগুলো সবুজে আচ্ছাদিত করা সম্ভব।

ধরা সিলেটের সভাপতি জানান, নগরজুড়ে সারা বছর বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। এ উদ্যোগে সিটি করপোরেশন, বন বিভাগ, বিভিন্ন সংগঠন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচি শেষে উপস্থিতরা সোবহানীঘাট এলাকায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।

You may also like

Leave a Comment

;