চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা,পিস্তল এবং গুলি উদ্ধার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের পাকা রাস্তা থেকে মিনি পিকআপটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় গাড়িচালক মো. সোহেলকে আটক করা হয়। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

You may also like

Leave a Comment