সাকিব চৌধুরী, চট্টগ্রামঃ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৩ থেকে ৪ জন মাদককারবারি গাড়ি ফেলে পালিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ড সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা ৩-৪ জন মাদককারবারি গাড়িটি ফেলে কৌশলে পালিয়ে যায়।
পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ২৫টি পোটলায় রাখা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
