সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি জালালাবাদ থানার মাদকবিরোধী র‍্যালি

জনতা-পুলিশ ভাই ভাই, মাদক অপরাধীর ঠাঁই নাই ওসি শামসুল হাবিব

by The Justice Bangla

মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরীকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং জালালাবাদ থানা পুলিশের আয়োজনে রবিবার (১২ জুলাই) বিকেল ৩টায় নগরের পাঠানটুলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব বলেন, সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি। জনতা-পুলিশ ভাই ভাই, মাদক অপরাধীর ঠাঁই নাই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জালালাবাদ থানা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের কোনো স্থান হবে না।

তিনি জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আকলিমা আক্তার-এর উপস্থিতিতে র‍্যালিটি পাঠানটুলা পয়েন্ট থেকে শুরু হয়ে তারাপুর চা-বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাবেশে অতিরিক্ত উপ-কমিশনার আকলিমা আক্তার বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, পরিবার, সমাজ ও দেশের জন্যও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, মাদক উৎপাদন, পাচার, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় জালালাবাদ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, তারাপুর চা-বাগান কর্তৃপক্ষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিরিক্ত উপ-কমিশনার আকলিমা আক্তার।

You may also like

Leave a Comment

;