নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. মো. জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রিংকু, ডা. লুৎফর রহমান তহবিলদার, স্বপ্ন সোসাইটির সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এলাকার একদল উদ্যমী তরুণের উদ্যোগে ব্যাপক পরিসরে আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও স্বাস্থ্যখাতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিশেষ করে শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে মাধবপুর শুধু হবিগঞ্জ নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু দুঃখজনকভাবে এখানকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা এখনও সহজলভ্য।
