মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে পুরো পৃথিবীতে সাংবাদিকতা চর্চার গুরুত্ব কমছে। এখন চাইলে যে কেউ এআই ব্যবহার করে সংবাদ লিখতে পারে। এটি নিয়েও চলছে নানা আলোচনা। কিন্তু যুগ যতই ডিজিটাল হোক না কেন স্থানীয় সাংবাদিকদের প্রয়োজনীয়তা কখনোই কমবে না কারণ এআইয়ের পক্ষে মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা এখনো তৈরী হয়নি। এমন মন্তব্য করেছেন ডয়েচে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক নাতাশা শোয়াংকে। শনিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন সাংবাদিক অংশ নেন।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে ভুল তথ্য, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় বিভিন্ন সময় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক মাইনুল ইসলাম খান ও প্রকল্প কর্মকর্তা মাফিয়া মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিডাব্লিউ একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
এরপর প্রশিক্ষণ কর্মশালা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজারের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী এবং টিটিএনের সিইও তৌফিকুল ইসলাম লিপু। তাঁরা প্রশিক্ষণের বিভিন্ন দিক, অর্জিত জ্ঞান এবং পেশাগত জীবনে এসব শিক্ষার প্রয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় উন্মুক্ত মতামত পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাতজন প্রশিক্ষণার্থী। তাঁরা প্রশিক্ষণের বিষয়বস্তু, ব্যবহারিক শিক্ষা এবং সাংবাদিকতার ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের ভাবনা ভাগ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডয়েচে ভেলে একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্ডে। তিনি প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল গণমাধ্যমচর্চায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ডয়েচে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক নাতাশা শোয়াংকে আরও বলেন, “গুজব এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের জন্যই একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য না ছড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সনদ বিতরণ, সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন।
ডি ডাব্লিউ একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল অনুষ্ঠানে উপস্থিত অতিথি, প্রশিক্ষক, আয়োজক এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর ছিল সনদ বিতরণের আয়োজন। এ সময় ডয়েচে ভেলে একাডেমির অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
