কবিতা মানুষকে সহমর্মিতা, মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়: ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক

হবিগঞ্জে মেঘের ভেলায় কবিতার নোঙর বর্ষার আবৃত্তি সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের প্রতিটি স্তরে বর্ষার সৌন্দর্যের অনন্য প্রকাশ রয়েছে। শুধু বর্ষাই নয়, বাংলাদেশের প্রতিটি ঋতু নিজস্ব বৈশিষ্ট্যে সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন ঋতুর বৈচিত্র্য হারিয়ে যাওয়া সাহিত্য-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবন আরও গতিশীল হলেও সাহিত্য-সংস্কৃতির চর্চা ছাড়া একটি জাতির আত্মিক বিকাশ সম্ভব নয়। কবিতা মানুষের হৃদয়ে সহমর্মিতা, মানবিকতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করে, যা একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমি মিলনায়তনে পদক্ষেপ আবৃত্তি পরিষদ আয়োজিত ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ শীর্ষক বর্ষার আবৃত্তি সন্ধ্যা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসরিন হকের সভাপতিত্বে এবং পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, বটতলা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হায়াত চৌধুরী সোহান, নাট্যকর্মী প্রভাষক হাবিব খোকন, চারুকণ্ঠের গৌরি মোদক, তৌহিদুর রহমান রানা, শবনম আফরোজ ডেইজি, নুসরাত শারমিন রেশমা ও অজয় রায়সহ সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে পদক্ষেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নাসরিন হকের নির্দেশনায় আয়োজিত আবৃত্তি পর্বে অংশ নেন নওরীন শশী, আরাধ্যা, ইনা, শুভাগত, জেরিন, রশ্মি, উর্মি, শ্রেয়া, বিন্দু, ছোঁয়া, ইশরা, নাসরিন হক, কুমকুম চৌধুরী এবং মোক্তাদির সোহেল।

অনুষ্ঠানের শেষ পর্বে তাজমিনা সুলতানা শিপু, তৌহিদুর রহমান রানা, নুসরাত শারমিন রেশমা, শবনম আফরোজ ডেইজিসহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উপস্থিত বক্তৃতা বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় নওরীন শশীকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

You may also like

Leave a Comment

;