উখিয়ায় ৪ একর বনভূমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হলো ৭ অবৈধ স্থাপনা

by The Justice Bangla

মুসলিম উদ্দিন, উখিয়া কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমি রক্ষায় জবরদখলবিরোধী অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। উখিয়া রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দখল হয়ে যাওয়া প্রায় ৪ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সরকারি বনভূমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগের আভিযানিক দল।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল এবং দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় একশ্রেণির দখলদার বেআইনিভাবে সরকারি বনভূমি দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে বনবিভাগের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় জবরদখলে থাকা প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয় এবং সেখানে নির্মিত ৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি বনসম্পদ ও বনভূমি রক্ষায় জবরদখলবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বনাঞ্চল জবরদখল এবং অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

;