মোঃ এমদাদ হোসেন ভুঁইয়াঃ সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার বলেন, নগরবাসীকে উন্নত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা ও অটো টেম্পু চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রেলওয়ে পার্কিংয়ের ইজারাদার, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করা, জনদুর্ভোগ কমানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতামত প্রদান করেন।
