নিজস্ব প্রতিবেদক: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বিজনেস ক্লাবের সেই বহুল প্রতিক্ষিত নির্বাচন। আগামী ৩১ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে প্রবল আগ্রহ ও উদ্দীপনা। পুরো ক্যাম্পাসে জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ক্যাম্পাসের ক্যান্টিন থেকে শুরু করে আশপাশের টং দোকান সব জায়গায় যেন শিক্ষার্থীদের মুখে একটাই কথা- ডিবিএ বিজনেস ক্লাব নির্বাচন।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে অন্যান্য অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে পোস্টারের ডিজাইন, ভিডিও ও স্ট্যাটাসে উঠে আসছে তাদের সৃজনশীলতা, দলগত কাজের মনোভাব এবং ইতিবাচক প্রতিযোগিতার চিত্র।
নির্বাচনে ১৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৯ জন প্রার্থী, যেখানে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। যা এই প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক মনোভাব ও সঠিক নেতৃত্বে প্রদানে সহায়তা করবে।
ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার জানান, এই নির্বাচন ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শিক্ষার্থীদের জন্য এটি একটি বাস্তবমুখী শিক্ষার অভিজ্ঞতা, যেখানে তারা শিখবে সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান করা এবং অর্জন করবে দলকে নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা।
তারা আরো বলেন, নির্বাচনে ভোট প্রক্রিয়া শুধুমাত্র একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, প্রতিযোগিতা নয়, এটি একটি উৎসব, নেতৃত্ব-সহমর্মিতা এবং একতাবোধ গড়ার পথ।
পিসিআইইউ ডিবিএ পরিবারের সকল প্রার্থী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা। চলুন, আমরা সবাই মিলে একসাথে শিক্ষাঙ্গনকে সত্যিকারের শেখার মঞ্চে পরিণত করি।
