এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টায় মীরসরাই মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে হাজার হাজার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
তিনি গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এর আগে বুধবার বিকেল ৫টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বিকেল ৫টায় মীরসরাইয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় তাঁর মেঝ ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুবর রহমান রুহেল বলেন, “আমার বাবা দীর্ঘ সময় ধরে মীরসরাইয়ের মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি এ অঞ্চলে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।” তিনি তাঁর বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, “মোশাররফ হোসেন আমাদের জন্য বটবৃক্ষের মতো ছিলেন। উত্তর চট্টগ্রামে তাঁর মতো নেতা আর সৃষ্টি হবে না। তাঁর মৃত্যুতে মীরসরাইবাসী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।”
গতকাল বিকেল থেকে জানাজাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং কোনো দলীয় কর্মসূচি না রাখার ঘোষণা দেন। পরে শান্তিপূর্ণভাবে জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজার নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম।
