গোয়াইনঘাট সংবাদদাতা, সিলেটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর হাদারপাড় বাজার এলাকায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম বিভাস চন্দ্র দাস ওরফে টুনি (২৬)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাদারপাড় বাজারে মাদ্রাসার সামনে নজরুল মার্কেটের একটি ভাড়া বাসার কক্ষে টুনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিভাস চন্দ্র দাস টুনি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার মৌরাপুর গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি হাদারপাড় বাজারে জনৈক নজরুল ইসলামের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ-এর এসআই অমিত সিংহ ও এএসআই মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় তিনি নিজ বসতঘরের বাথরুমের দরজা বন্ধ করে বাথরুমের চালের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়নার অংশ পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
