মোহাম্মদ সাগরঃ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে মহামায়া গণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখে পাঠাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদগাজী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোহাম্মদ ইউনুস খান এবং কার্যনির্বাহী উপদেষ্টা শেখ ফজলুল মজিদ জুটন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম আজাদ বলেন, তরুণ সমাজকে দক্ষ ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় মহামায়া গণ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে অতিথি ও পাঠাগারের সদস্যরা সম্মিলিতভাবে পাঠাগার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে মহামায়া গণ পাঠাগারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
