মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় ১নং আসামি গ্রেফতার

by The Justice Bangla

চট্টগ্রাম- প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় প্রবাসী মোঃ শাহাদাত হোসেন সেলিমকে হামলা ও অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১নং আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ মেহেদী হাসান খোকন (৩০), পিতা মোঃ আবু তাহের, সাং- উত্তর ওয়াহেদপুর (আলম খোনার বাড়ি), ৪নং ওয়ার্ড, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগাম জামিনের জন্য চট্টগ্রাম জজ কোর্টে হাজির হলে আদালতের নির্দেশে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

ভুক্তভোগী প্রবাসী মোঃ শাহাদাত হোসেন সেলিম জানান, আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তার বাড়ির দক্ষিণ পাশে নিজ জমিতে প্রায় দেড় থেকে দুই মাস ধরে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল।

তিনি জানান, গত ১৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নির্মাণ কাজ পরিদর্শনে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হন এবং ডান গালে ঘুষি মেরে তাকে আহত করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে হাদি ফকিরহাট বাজারে নিয়ে যাওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শাহাদাত হোসেন সেলিম আরও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় মামলা দায়ের করেন।

You may also like

Leave a Comment

;