ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যার : প্রধান আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে হত্যার মামলায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালত প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও তাদের সপ্তম শ্রেণির ছাত্রী মেয়ে জন্নাতুল ফেরদৌস নিহত হন।

এ ঘটনায় নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে ২২ জানুয়ারি ঈদগাঁও থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন আবুল কালামের ভাই আবুল তাহের, স্ত্রী হামিদা বেগম এবং আবুল তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই আবুল তাহেরকে অব্যাহতি দিয়ে আবুল কালাম, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালত আবুল কালামকে মৃত্যুদণ্ড এবং অপর দুই নারী আসামিকে খালাসের রায় দেন।

You may also like

Leave a Comment

;