সিলেট প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি আশ্রয়ণ (গুচ্ছগ্রাম) প্রকল্পের একটি বরাদ্দকৃত ঘর অবৈধভাবে দখলে রেখে প্রকৃত উপকারভোগীকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাফিয়া খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং এয়ারপোর্ট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রাফিয়া খাতুন বলেন, তিনি একজন ভূমিহীন নারী। ২০২২ সালের ২৪ এপ্রিল সরকারি আশ্রয়ণ (গুচ্ছগ্রাম) প্রকল্পের আওতায় খাদিমনগর ইউনিয়নে একটি ঘর তার নামে বরাদ্দ দেওয়া হয়। একই বছরের ভয়াবহ বন্যার সময় স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান মানবিক কারণে কয়েক দিনের জন্য একটি অসহায় পরিবারকে আশ্রয় দেওয়ার কথা বলে তার কাছ থেকে ঘরের চাবি নিয়ে যান। জনপ্রতিনিধির কথায় বিশ্বাস করে তিনি চাবি হস্তান্তর করলেও পরবর্তীতে বারবার ঘরটি ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
রাফিয়া খাতুনের দাবি, গত ২৪ জুন ২০২৬ তিনি নিজের বরাদ্দকৃত ঘরে গিয়ে সেখানে অবস্থানরত নিজাম উদ্দিন ও তার স্ত্রী লুবনা বেগমকে ঘরটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা ঘরটি নিজেদের দাবি করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা বরাদ্দ পেয়েছেন এবং ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান তাদের কাছে ঘরটি বুঝিয়ে দিয়েছেন। এ সময় তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, পরে ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো সমাধান না দিয়ে ভবিষ্যতে এ বিষয়ে আর যোগাযোগ না করার পরামর্শ দেন। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন। একই সঙ্গে ঘর পাইয়ে দেওয়ার নামে ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান তার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন রাফিয়া খাতুন। তিনি তার বরাদ্দকৃত ঘর উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে লুবনা বেগমের সঙ্গে কথা হলে তিনি ঘর দখলের অভিযোগ অস্বীকার করেন। তবে সেখানে বসবাসের পক্ষে সরকারি কোনো বরাদ্দপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তার দাবি, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে তিনি দীর্ঘদিন ধরে ওই ঘরে বসবাস করছেন। এছাড়া গত মাসের ৯ তারিখ তিনি বর্তমান ইউএনও বরাবর ঘরটির বরাদ্দ চেয়ে আবেদন করেছেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান বলেন, ঘর দখল কিংবা ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, রাফিয়া খাতুন প্রতারণার মাধ্যমে ঘরটি বরাদ্দ নিয়েছেন। সাবেক ইউএনওর সময় নিজাম উদ্দিন ও লুবনা বেগমের নামে ঘরটি বরাদ্দ হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কোনো বৈধ অনুমোদন রয়েছে কি না, তা তার জানা নেই। তিনি আরও বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের সিদ্ধান্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নিয়ে থাকেন; এ বিষয়ে ইউপি সদস্যদের কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, এ-সংক্রান্ত অভিযোগের বিষয়টি তিনি জেনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষই তার কার্যালয়ে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বর্তমানে যে পরিবারটি ঘরে বসবাস করছে, তারা প্রায় তিন বছর ধরে সেখানে রয়েছে। তাই উভয় পক্ষের কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
