টিলাগড়ে পরিত্যক্ত জাহাজ বিল্ডিংয়ে ঝটিকা অভিযান, সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর বার্তা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের টিলাগড় পয়েন্টসংলগ্ন কালাশিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত জাহাজ বিল্ডিংয়ে অসামাজিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ মাগরিব বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান, কালাশিল আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি সাব্বির আহমদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনশূন্য ও পরিত্যক্ত ভবনটিতে রাতের আঁধারে মাদকসেবীসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আনাগোনা ছিল। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় ভবনের ভেতরে কাউকে পাওয়া যায়নি।

অভিযানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, টিলাগড় ও আশপাশের এলাকায় কোনো ধরনের অনৈতিক, মাদকসেবন কিংবা সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ওই এলাকায় নজরদারি ও টহল জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে উপস্থিত ব্যক্তিরা বলেন, স্থানীয়দের সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে কালাশিলসহ বৃহত্তর টিলাগড় এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ আরও সুদৃঢ় হবে।

You may also like

Leave a Comment

;