সাকিব চৌধুরী, মিরসরাইয়ে প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগের কারণ হয়ে থাকা নিজামপুর,হাইতকান্দি,সাহেরখালী,ভোরবাজার,অলি আহম্মেদ,আব্দুর রহমান সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এ অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
বক্তারা আরও বলেন, উন্নত সড়ক যোগাযোগ শুধু মানুষের যাতায়াত সহজ করে না, এর সঙ্গে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সরাসরি সম্পৃক্ত। সড়কটির উন্নয়ন হলে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং মিরসরাইয়ের সংশ্লিষ্ট এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
স্থানীয় বাসিন্দারা সড়কটির উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে নিরসনের দাবি জানিয়েছেন তারা।
