চার বছরের বেতন ৫০ হাজার টাকা বুঝে নিলেন স্বজনরা, মরদেহ নিলেন না কেউ

ফেনীতে গৃহকর্মী ফারজানা প্রিয়ার মৃত্যু ঘিরে জনমনে ক্ষোভ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর পরশুরামে গৃহকর্মী ফারজানা প্রিয়ার মৃত্যুর পর তার মরদেহ গ্রহণে স্বজনদের অস্বীকৃতি এবং চার বছরের বকেয়া বেতন ও ব্যক্তিগত মালামাল গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারজানা প্রিয়া দীর্ঘ চার বছর ধরে এক স্কুলশিক্ষক জাহেদা আক্তার তিমুর বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকা-খাওয়ার সুবিধা থাকলেও চার বছরে তার মোট বেতন নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। অর্থাৎ মাসিক বেতন ছিল প্রায় ১ হাজার ৪১ টাকা, যা দৈনিক হিসাবে মাত্র ৩৫ টাকার মতো।

অভিযোগ রয়েছে, প্রিয়ার মৃত্যুর পর তার মা ও স্বজনরা চার বছরের জমানো ৫০ হাজার টাকা এবং তার ব্যবহৃত ব্যক্তিগত মালামাল গ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে ডোমঘরে সংরক্ষিত দুটি স্বর্ণের নাকফুলও তারা বুঝে নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

তবে অর্থ ও মালামাল গ্রহণ করলেও মরদেহ দাফনের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান তারা। প্রিয়ার মা দাবি করেন, মেয়েকে দাফনের মতো কোনো জায়গা তাদের নেই। এছাড়া তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলে বর্তমান দ্বিতীয় সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

গত শুক্রবার ময়নাতদন্ত শেষে হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের এমন অবস্থান প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, আইন অনুযায়ী মা-বাবা সন্তানের প্রাপ্য অর্থ ও সম্পদের প্রথম উত্তরাধিকারী হলেও মরদেহ গ্রহণ ও দাফনের বিষয়টি নিয়েও তাদের নৈতিক দায়িত্ব রয়েছে।

এদিকে স্বজনরা বকেয়া অর্থ ও মালামাল নিয়ে চলে গেলেও ফারজানা প্রিয়ার মরদেহ এখনো হাসপাতালের হিমাগারে পড়ে রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চার বছরের শ্রমের বিনিময়ে মাত্র ৫০ হাজার টাকা পাওয়া এক গৃহকর্মীর শেষ বিদায়েও কেন পাশে দাঁড়ালেন না তার স্বজনরা এ প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচিত হচ্ছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আইনগত কার্যক্রম চলমান থাকলে তার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করাই সমীচীন।

You may also like

Leave a Comment

;