আবু শাহাদাত নয়নঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেটসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ইবনে জাহিদ (৩৪) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের সালাহ উদ্দিন আকবর (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল করেরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অস্ত্র বহন করা হচ্ছে।
সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে নয়াটিলা মাজার গেটসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টমেট্রো-ব-১১-০২৫০ নম্বরের বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা ইবনে জাহিদ ও সালাহ উদ্দিন আকবরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অভিযানে এসআই মামুন হাসান, এসআই মো. ফারুক উদ্দিন, এসআই মো. জিশান আহম্মেদ (পিপিএম-সেবা), এএসআই আবদুল মমিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এ চালানচক্রের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
