নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবের সামনে মাতলামি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স। তার বিরুদ্ধে ক্লাবের পরিবেশ নষ্ট করা, বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টি, জ্যেষ্ঠ সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান, অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি এবং ক্লাবের কোনো পদে না থেকেও সিজেকেএসের কাউন্সিলরশিপ দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে নগরীর এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনের সড়ক থেকে মাতলামি করা অবস্থায় শাহেদ বক্সকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা করা হয়।
শাহেদ বক্সের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাহেদ বক্সকে ইতোমধ্যে আদালতে চালান দেওয়া হয়েছে।
এর আগে শাহেদ বক্সের বিরুদ্ধে নানা অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল বশর।
তার অভিযোগ, গত ১৫ থেকে ২০ দিন ধরে শাহেদ বক্স ক্লাবের স্বাভাবিক পরিবেশ চরমভাবে ক্ষুণ্ন করে আসছিলেন।
আবুল বশর বলেন, শাহেদ বক্স ক্লাব প্রাঙ্গণে এসে জ্যেষ্ঠ সদস্যদের উদ্দেশ্যে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করতেন। শুধু তাই নয়, বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্লাবে এসে মদ্যপান এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আরও অভিযোগ করেন, ক্লাবের ইনডোর গেমস থেকে পাওয়া আয় এবং খেলোয়াড়দের অনুশীলনের জন্য সংরক্ষিত তহবিল থেকেও শাহেদ বক্স অন্যায়ভাবে টাকা ও চাঁদা দাবি করে আসছিলেন।
এদিকে সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)-এর কাউন্সিলরশিপ নিয়েও শাহেদ বক্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আবুল বশর জানান, শাহেদ বক্স বর্তমানে ফ্রেন্ডস ক্লাবের কোনো নিবন্ধিত সদস্য বা প্রতিনিধি নন। প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে তিনি কেবল জুনিয়র পর্যায়ে টেবিল টেনিস ও ক্রিকেট খেলতেন।
আবুল বশরের দাবি, ফ্রেন্ডস ক্লাবের বর্তমান সভাপতি কিংবা সাধারণ সম্পাদকই এখনো সিজেকেএসের কাউন্সিলর হননি। অথচ ক্লাবের কোনো পদে না থেকেও শাহেদ বক্স অন্যায্যভাবে সিজেকেএসের কাউন্সিলরশিপ দাবি করে আসছিলেন।
একদিকে ক্লাবের ভেতরে বহিরাগত নিয়ে বিশৃঙ্খলা, জ্যেষ্ঠ সদস্যদের অপমান ও মদ্যপানের অভিযোগ, অন্যদিকে সংরক্ষিত তহবিল থেকে টাকা ও চাঁদা দাবির অভিযোগ এবং ক্লাবের কোনো পদে না থেকেও সিজেকেএস কাউন্সিলরশিপ দখলের চেষ্টার অভিযোগে শাহেদ বক্সকে ঘিরে ফ্রেন্ডস ক্লাবে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল।
