সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক নির্মূলে পুলিশ-জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও জালালাবাদ থানা পুলিশের আয়োজনে শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হাবিব এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ।

এছাড়া জালালাবাদ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

You may also like

Leave a Comment

;