সিলেট প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়েছে। বর্তমানে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।
তিনি বলেন, গত ৩০ বছরে, এমনকি সর্বশেষ এক দশকেও বিশ্বব্যাপী ব্যাপক পরিবর্তন ঘটেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন যেকোনো তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এআইয়ের সহায়তায় যাচাই-বাছাই করা সম্ভব। সাম্প্রতিক সময়ে গুজব, অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার দায়িত্বশীল সাংবাদিকতার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এআইয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সাংবাদিকরা বিশাল তথ্যভান্ডার থেকে দ্রুত প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ, অডিও ও ভিডিওকে টেক্সটে রূপান্তর, অনুবাদ এবং তথ্যের অসঙ্গতি শনাক্ত করতে পারেন। তবে প্রযুক্তির ওপর নির্ভর করতে গিয়ে সাংবাদিকের নিজস্ব বিচারবোধ, নৈতিকতা ও মানবিকতার সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না।
“সাংবাদিক ও সংবাদপত্র সত্যের প্রতি দায়বদ্ধ। আধুনিক তথা স্মার্ট সাংবাদিকতা হলো দায়িত্বশীল সাংবাদিকতা।”
শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এবং দি আইটি এইডের সহযোগিতায় ক্লাবের সদস্যদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বেড়েছে। অনেক পুরোনো ও প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমও এখন অনলাইন সংস্করণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও দ্রুততার সুফল পাচ্ছে। এ কারণে সাংবাদিকদেরও যুগোপযোগী প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দি আইটি এইডের এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।
কর্মশালায় ‘প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ’ প্রতিপাদ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল স্কিল ও ফ্যাক্টচেকিং বিষয়ে আলোচনা করেন দি আইটি এইডের ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির বিকাশের ফলে সাংবাদিকতার কাজ যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। তাই তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
