47
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ধারাবাহিক যৌন সহিংসতার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে একাধিক ভিকটিমকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
