আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক

by The Justice Bangla

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠান বাডস কেজি এন্ড হাইস্কুলে ১৫ এপ্রিল (বুধবার) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বৈশাখী উৎসব ‘নতুন সূর্য’ অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক। বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া হাসান আন্নি ও নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজা সামিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডসের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায় এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক বলেন, বৈশাখ আমাদেরকে পুরোনো সংকীর্ণতা, হিংসা ও বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য।

তিনি আরও বলেন, একজন ভালো শিক্ষার্থী কেবল ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বাডস কেজি এন্ড হাইস্কুলের ৩১ বছরের শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি কিশোর গ্যাংসহ সামাজিক অপসংস্কৃতি প্রতিরোধেও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও সমাজে অবদান রাখায় মোহাম্মদ জহিরুল হক, জমির আলী, তাহমিনা বেগম গিনি, বাদল রায় এবং তোফাজ্জল সোহেল-কে বাডস সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের জীবনী পাঠ করেন সহকারী শিক্ষক গুলশান আরা শিল্পী।

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাডস কেজি এন্ড হাইস্কুল ২০০০ সাল থেকে নিয়মিতভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করে আসছে।

You may also like

Leave a Comment

;