ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ একটি অনলাইনভিত্তিক পোর্টালে প্রকাশিত “দোকান দেয়ার নামে অর্থ হাতিয়ে নিলো রেলকর্মী” এ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে, ডিএসটিই/চট্টগ্রামে কর্মরত শুভংকর দে। তিনি প্রকাশিত সংবাদে আনা সব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মো. ইমাম উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুভংকর দে। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি বলেন, বিষয়টি একটি ব্যক্তিগত আর্থিক লেনদেনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবাদলিপিতে শুভংকর দে উল্লেখ করেন, মো. ইমাম উদ্দিনের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরিচয়ের সূত্র ধরে ব্যক্তিগত প্রয়োজনে তিনি ইমাম উদ্দিনের কাছ থেকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ধার নেন এবং এর বিপরীতে একটি চেক প্রদান করেন। পরবর্তীতে ধার পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি হয়।
তিনি দাবি করেন, এই দূরত্বকে দুর্বলতা হিসেবে বিবেচনা করে কিছু ষড়যন্ত্রকারী সহকর্মী তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করিয়েছে, যা তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

শুভংকর দে আরও জানান, তিনি ইতোমধ্যে মো. ইমাম উদ্দিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন। পরিশোধের পর ইমাম উদ্দিন তার দেওয়া চেক ফেরত দেন এবং “দোকান দেওয়ার” নামে কোনো অর্থ লেনদেন হয়নি এ মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।

প্রকাশিত সংবাদের ফলে তার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে শুভংকর দে সংশ্লিষ্টদের কাছে যথাযথ তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান। পাশাপাশি, এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

You may also like

Leave a Comment

;