যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ঝিকরগাছা মহাসড়কের নতুনহাটে বিশেষ অভিযানে বড় ধরনের চোরাচালান জব্দ

by The Justice Bangla

স্টাফ রিপোর্টার, যশোরঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি আভিযানিক দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ডায়মন্ড এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তি ভারতের তামিলনাডুর নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে, তবে তার পরিচয় বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্রের মাধ্যমে এসব মূল্যবান ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল অথবা পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে যশোর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

You may also like

Leave a Comment

;