নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রাম মহানগরীতে ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের নাম ব্যবহার করে প্রকাশ্যে কিংবা গোপনে ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিপর্যায়ে চাঁদাদাবি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অপপ্রয়াস চালাচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ বিষয়ে সিএমপি জানায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের চাঁদাবাজি, হুমকি বা অন্য যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত জানাতে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।
নাগরিকরা চাইলে এসব তথ্য সিএমপি পরিচালিত “Hello CMP” মোবাইল অ্যাপসে সরাসরি দিতে পারবেন। তথ্য প্রদানকারীর ব্যক্তিগত পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

“Hello CMP” অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অথবা প্লে স্টোরে অ্যাপটির নাম লিখে সার্চ করলেই পাওয়া যাবে।
