পাহাড়তলী থানায় বিশেষ অভিযান

থানা লুটের অস্ত্র ও গুলি উদ্ধার, ১১ মামলার আসামি ‘সাগর’ গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযানে থানা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছে মোঃ মিনহাজ উদ্দিন ওরফে নূর নবী সাগর (২৩) নামের একজন কুখ্যাত সন্ত্রাসীকে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে ওসি মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এবং তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন খানের সমন্বয়ে পরিচালিত অভিযানে সিডিএ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিত্যক্ত গার্ডিয়ান ছাউনির নিচে থাকা একটি বাজারের ব্যাগ থেকে রিভলবারটি উদ্ধার করা হয়। রিভলবারটির গায়ে লেখা রয়েছে “Made in USA” এবং সিরিয়াল নম্বর 374016।

অস্ত্রের ম্যাগাজিন থেকে উদ্ধার করা হয় ছয় রাউন্ড ৯এমএম গুলি।

জিজ্ঞাসাবাদে মিনহাজ উদ্দিন স্বীকার করে, ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুর ও লুটের সময় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থেকে সে এসব অস্ত্র সংগ্রহ করে এবং পরবর্তীতে সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য নিজের কাছে রেখে দেয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে পাহাড়তলী, পতেঙ্গা ও বন্দর এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ চালিয়ে আসছিল।

তার বিরুদ্ধে এর আগেও ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত ১১টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পাহাড়তলী থানায় ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’-এর ১৯এ ধারায় মামলা (নং-১২, তারিখ-২৭/০৬/২০২৫) রুজু করা হয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment