নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে মোঃ ইউসুফ (৩৫) নামের এক বরফ সরবরাহকারীকে গুলি করে হত্যার ঘটনায় মূল আসামী মোঃ আকবর আলী (৪৬) কে গ্রেফতার করেছে সিএমপি।

গ্রেফতারকৃত আকবর আলী ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে দেওয়ানহাট মোড়ে ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ বিজয় মিছিল লক্ষ্য করে আকবর আলী ও তার সহযোগীরা লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান বরফ সরবরাহকারী মোঃ ইউসুফ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ইউসুফের পিতা বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৮, তারিখ-০৯/০৪/২৫)। মামলা রুজু হয় দণ্ডবিধির ১৪৩/১৪৯/৩০২/১০৯/৩৪ ধারায়।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপির একটি বিশেষ দল গত ২২ জুন রাত ১০:৩০টায় ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আকবর আলীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, আকবর আলীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আগেও মোট সাতটি মামলা রয়েছে।
সিএমপি জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে প্রাণহানির ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
