নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে থানার লুটপাট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সহ কুখ্যাত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি এবং অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবুল আজাদের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০টা থেকে থানাধীন জেলে পাড়া এলাকার রানী রাশমনিঘাট ওভার ব্রিজের নিচে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাত ১২:৫০টার দিকে সন্দেহজনকভাবে হেঁটে যাওয়ার সময় মাসুমকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে পুলিশ তাকে আটক করে।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিনে লোড করা ৪ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটিতে “SEMI AUTO PISTOL T-54, YEAR-2003, CHINA” লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করে, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে থানায় হামলা ও লুটপাটের সময় এই আগ্নেয়াস্ত্র ও গুলি সংগ্রহ করে। পরবর্তীতে এগুলো সে নিজের হেফাজতে রেখে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করছিল।
পুলিশ আরও জানিয়েছে, মাসুম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাহাড়তলী, পতেঙ্গা, বন্দরের আশপাশসহ নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বিদেশগামী যাত্রী, পর্যটক এবং পণ্যবাহী যানবাহনের চালকদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই ও ডাকাতি করছিল।
গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে ইতিপূর্বেও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় Arms Act-1878 এর 19A ধারায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ-১৯/০৬/২০২৫) রুজু করা হয়েছে।
সিএমপি জানায়, চট্টগ্রাম নগরীকে অপরাধমুক্ত রাখতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
