নিজস্ব প্রতিবেদকঃ ছাগলনাইয়া সীমান্তে এখন আতঙ্কের আরেক নাম আরমান। অভিযোগ রয়েছে, নিজেকে বিজিবির “সোর্স” পরিচয় দিয়ে বছরের পর বছর ধরে সীমান্ত এলাকায় গড়ে তুলেছেন মাদক, চোরাচালান ও ভয়ভীতির বিশাল সিন্ডিকেট। স্থানীয়দের দাবি, তার ছত্রছায়ায় সীমান্তজুড়ে চলছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও অবৈধ ভারতীয় পণ্যের রমরমা বাণিজ্য।
ছাগলনাইয়া উপজেলার মধ্যম মুড়িয়া গ্রামের আব্দুর রহমান মেম্বার বাড়ির আবুল কাশেমের ছেলে আরমানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এলাকাবাসীর ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে সাজানো মামলা, হামলা কিংবা গুম-খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের একাধিক পয়েন্ট ব্যবহার করে রাতের আঁধারে মাদক ও চোরাই মালামাল দেশে প্রবেশ করানো হয়। এসব কর্মকাণ্ডে আরমান সরাসরি নেতৃত্ব দেন বলে দাবি স্থানীয়দের। তার নিয়ন্ত্রণে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যেখানে কয়েকজন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও দুর্বৃত্তও জড়িত বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী আরও জানান, আরমান একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও রহস্যজনকভাবে দ্রুত জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আরমানের নাম শুনলেই সাধারণ মানুষ আতঙ্কে মুখ বন্ধ করে রাখেন। সীমান্ত এলাকার ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এমনকি সাধারণ কৃষকরাও তার ভয়ভীতির কারণে চুপ থাকতে বাধ্য হন। কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে তাকে নানাভাবে হয়রানি করা হয় বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহলের মতে, আরমানের মতো ব্যক্তিদের কারণে সীমান্ত অঞ্চলের যুবসমাজ ভয়াবহভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। সহজে মাদক পাওয়া যাওয়ায় তরুণদের বড় একটি অংশ নেশায় জড়িয়ে পড়ছে। একই সঙ্গে চোরাচালান সিন্ডিকেটের কারণে দেশের অর্থনীতি ও নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসী অবিলম্বে আরমান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত করতে হলে এই সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় আনতেই হবে।
তবে অভিযোগের বিষয়ে আরমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় থানা পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
