সিলেট প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, পরিবেশগত সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগানো, গাছের পরিচর্যা এবং বনভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই।
শনিবার (২৩ মে) সকালে হবিগঞ্জের সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি-এর উদ্যোগে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের দুই পাশ এবং খোয়াই নদীর বাঁধ এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
তিনি বলেন, আমাদের দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জনপ্রিয় হলেও অনেক সময় রোপণ করা গাছগুলোর পরিচর্যার অভাবে তা লোকদেখানো উদ্যোগে পরিণত হয়। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
ড. জহিরুল হক আরও বলেন, দেশে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক গাছ রয়েছে। দ্রুত এসব গাছের তালিকা তৈরি করে সেগুলো অপসারণ এবং পরিবেশবান্ধব গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। হবিগঞ্জের একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিক কর্মকাণ্ডে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তা প্রয়োজন।
সংগঠনের সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফখরুল হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বাপা হবিগঞ্জের সহসভাপতি তোফাজ্জল সোহেল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহ্বায়ক কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এবং স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “হবিগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খোয়াই নদীকে বাঁচাতে হবে। তরুণরা যদি পরিবেশ রক্ষায় এভাবে এগিয়ে আসে, তাহলে আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। হবিগঞ্জের সন্তান হিসেবে আপনাদের প্রতিটি পরিবেশবান্ধব কর্মসূচির পাশে আমি থাকব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আফছার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তাজিম, শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান নির্জন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ জিসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
