চা জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: ভিসি জহিরুল হক

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এ মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত প্রতীক থিয়েটারের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী নাট্য ও সংস্কৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় দেউন্দি চা বাগানের প্রতীক থিয়েটার নাট্যমঞ্চে।

দেউন্দি চা বাগানের মহাব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, নাট্যব্যক্তিত্ব রফিকুল্লাহ সেলিম, খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল, ধামালীর পরিচালক অ্যাডভোকেট মোস্তাক বাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কামাল উদ্দিন কবির ও ক্যাথরিন পিউরীফিকেশন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আহমদ আল মামুন, রেজাউল করিম লেবু, আব্দুল্লাহ মোল্লাহ এবং জালাল উদ্দিন রুমি প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ।

অনুষ্ঠানের শুরুতে প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত নাট্যকার ও নির্দেশক সুনীল বিশ্বাসকে স্মরণ করে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রতীক লিটল থিয়েটারের সদস্যরা আবহমান বাংলার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

সমাপনী দিনে ধামালীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সর্বশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা ‘মুল্লুক’ নাটকটি মঞ্চস্থ করেন। মধ্যরাত পর্যন্ত চলা এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার দর্শক অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি জহিরুল হক বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের প্রতিবাদ ও সচেতনতার শক্তিশালী ভাষা। তিনি বলেন, প্রতীক থিয়েটার গত চার দশক ধরে চা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের চা বাগানভিত্তিক বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য উদাহরণ। তাদের উৎসব, লোকসংস্কৃতি, সংগীত ও নৃত্য এখন আর শুধু চা বাগানের ভেতর সীমাবদ্ধ নয় বরং তা জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

You may also like

Leave a Comment