সোনাগাজীতে চিকিৎসায় অবহেলার অভিযোগ: চট্টগ্রামে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ কামরুন নাহার

অভিযুক্ত চিকিৎসক ডা. সুবর্ণার বিরুদ্ধে পরিবারের অভিযোগ, আইসিইউতে সংকটাপন্ন রোগী; প্রতিদিন চিকিৎসায় ব্যয় ৭০-৮০ হাজার টাকা

by The Justice Bangla

(পর্ব-১) মো. আব্দুর রহিম, ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে ৩২ বছর বয়সী গৃহবধূ কামরুন নাহার বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরিবারের অভিযোগ, হাসপাতালটির চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণার চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা।

এ ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সোনাগাজী মডেল থানায় এবং ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহারের প্রায় তিন মাসের গর্ভাবস্থা নষ্ট (মিসক্যারেজ) হলে চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শ অনুযায়ী গত ৬ নভেম্বর গর্ভপাত-পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জোসনারা বেগম নামে এক নারী রোগীর স্বামী মো. রহিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তাঁদের আত্মীয়ের শেয়ার রয়েছে এবং ডা. মামুন তাঁদের পরিচিত ও মেডিসিন বিশেষজ্ঞ বলে জানান।

পরিবারের দাবি, তাঁদের কথায় আশ্বস্ত হয়ে ফেনী সদর হাসপাতাল থেকে কামরুন নাহারকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। ওই দিন দুপুর ১২টার দিকে তাঁকে সেখানে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়, হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পরপরই কামরুন নাহারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণা কী ধরনের চিকিৎসা ও অস্ত্রোপচার করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত জানানো হয়নি বলে অভিযোগ স্বজনদের।

পরদিন ৭ নভেম্বর সকালে রোগীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণাকে জানানো হলেও তিনি যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ পরিবারের। পরে পুনরায় আলট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট নিয়ে ডা. মামুনের কাছে গেলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে রোগীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ রবিউল নামে এক ব্যক্তিকে তাঁদের সঙ্গে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের অভিযোগ, রোগীর জরায়ুতে ছিদ্র এবং মলদ্বারের পথে ক্ষত তৈরি হয়েছে। এ ছাড়া ফুসফুসে পানি জমা, পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ ও কিডনিতে সংক্রমণের লক্ষণ পাওয়া যায়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডা. মামুনের পরামর্শে ১৫ নভেম্বর তাঁকে পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

স্বজনদের দাবি, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণেই কামরুন নাহারকে এমন ভয়াবহ শারীরিক জটিলতার মুখে পড়তে হয়েছে। এ ঘটনায় পরিবারটি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা চিকিৎসার খরচ বহন করতে হচ্ছে তাঁদের।

এদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. কুলসুম নাহার সুবর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার পর থেকে তিনি হাসপাতালে আসছেন না। তবে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক কে.এম. ইসলামুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা যখন রোগীর ডিএন্ডসি সম্পন্ন করেছি, তখন পর্যন্ত এ ধরনের কোনো সমস্যা আমাদের নজরে আসেনি। আমাদের চিকিৎসাসেবা যথাযথ ছিল। এ ধরনের কোনো জটিলতার তথ্যও আমাদের কাছে নেই।

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, ‘রোগী লাইফ সাপোর্টে রয়েছে। তাঁর অবস্থা ভালো নয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীর জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করব।

একজন গৃহবধূর জীবন-মৃত্যুর লড়াই, পরিবারের অসহায়ত্ব এবং চিকিৎসাসেবার মান নিয়ে ওঠা গুরুতর প্রশ্নের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।

You may also like

Leave a Comment

;