ফেনীর ভাইরাল শিক্ষিকা পলিকে ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব

by The Justice Bangla

সাগর আহমেদঃ ফেনীর সেই ভাইরাল শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে এবার দেশের ক্রীড়াঙ্গনে কাজ করার প্রস্তাব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তার খোঁজখবর নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার মুঠোফোনে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষিকার সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। আলাপচারিতায় তিনি পলি ও তার পরিবারের খোঁজখবর নেন এবং দেশের ক্রীড়াঙ্গনের মূল স্রোতে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্প্রতি বৃষ্টিভেজা মাঠে শিক্ষার্থীদের ফুটবল খেলায় প্রাণবন্তভাবে উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পলির আবেগ, উদ্দীপনা ও খেলাধুলার প্রতি ভালোবাসা দেশজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মুহূর্তেই তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু।

দীর্ঘ ফোনালাপে শিক্ষিকা পলি তার পরিবারের ক্রীড়া ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন। এসব শুনে মুগ্ধ হন প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, মাঠ পর্যায়ে পলির অভিজ্ঞতা, খেলাধুলার প্রতি আন্তরিকতা এবং ক্রীড়াসুলভ মানসিকতা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পলির পরিবার বহুদিন ধরেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। তার বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় মোহনবাগান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনীর পরিচিত ফুটবলার। এছাড়া পলি ও তার বোন ফেনী মহিলা ক্রীড়া সংস্থার হয়ে হ্যান্ডবল ও ভলিবলে অংশ নিয়েছেন। তার প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট।

জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে উপজেলা পর্যায়ের একটি সেমিফাইনাল ফুটবল ম্যাচে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। পরে সেটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

ভিডিওটি প্রধানমন্ত্রীর নজরে এলে তার নির্দেশনায় গত ২৬ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষিকা পলির বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পাঠানো হয়। আর এবার সরাসরি ফোন করে তার পাশে দাঁড়াল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মতে, একজন শিক্ষকের এমন খেলাপ্রেম ও আন্তরিকতা বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারের এই স্বীকৃতি দেশের অন্যান্য শিক্ষক ও ক্রীড়া সংগঠকদেরও নতুনভাবে অনুপ্রাণিত করবে।

You may also like

Leave a Comment

;