নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন চাঁদগাজী খেলোয়াড় একাদশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিম উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও সাবেক ইউপি সদস্য মুন্সি আবদুল কাইয়ুম।
গতকাল বিকেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চাঁদগাজী খেলোয়াড় একাদশের সাবেক সভাপতি ও মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিনু নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শুভানুধ্যায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। চাঁদগাজী খেলোয়াড় একাদশ দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি নাসিম উদ্দিন মজুমদার বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে আমরা কাজ করবো।
সাধারণ সম্পাদক মুন্সি আবদুল কাইয়ুম বলেন, চাঁদগাজী খেলোয়াড় একাদশকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে চাই।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
