পৌর ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা কাজী জুলহাসের

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য ঘোষিত ছাগলনাইয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী জুলহাস। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

কাজী জুলহাস ছাগলনাইয়া ডটকমকে বলেন, নতুন কমিটিতে তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ছাগলনাইয়া পৌর ছাত্রদলের কমিটিতে নাজমুল হাসান মজুমদার সাগরকে সভাপতি এবং সারোয়ার হোসেন ফারদীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে আরও নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা কাজী জুলহাসের পদত্যাগের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

You may also like

Leave a Comment

;