নিজস্ব প্রতিবেদকঃ সাত মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর চট্টগ্রামের লোহাগাড়ার শিশু মোহাম্মদ রায়হানকে পাওয়া গেছে চুনতি সীরাত মাহফিল এলাকায়। ভিক্ষা করার সময় স্থানীয় কয়েকজন তাকে চিনতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে শনাক্ত করেন তার বাবা নাজিম উদ্দিন। দীর্ঘ সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরলেও রায়হানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
রায়হানের পরিবারের দাবি, বাড়ি থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পর একটি চক্রের কবলে পড়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় সে। পরে তাকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে একটি পা কেটে ভিক্ষাবৃত্তিতে নামানো হয় বলে রায়হান নিজেই জানিয়েছে।
রায়হান লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় সাত মাস আগে রায়হান বাড়ি থেকে পালিয়ে কক্সবাজার চলে যায়। সে সময় বাবার সঙ্গে সৎমায়ের সংসারে বসবাস করত রায়হান। এর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। রায়হানের সঙ্গে তার এক ভাইও বাবার সংসারে থাকত।
কক্সবাজারে যাওয়ার পর রায়হান একটি চক্রের হাতে পড়ে বলে পরিবারের অভিযোগ। রায়হানের ভাষ্য অনুযায়ী, ওই চক্রের সদস্যরা তাকে কক্সবাজার থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায়। সেখানে তার একটি পা কেটে দেওয়ার পর বিভিন্ন স্থানে ভিক্ষা করিয়ে অর্থ উপার্জন করা হতো।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চুনতি সীরাত মাহফিল এলাকায় ভিক্ষা করার সময় স্থানীয় কয়েকজনের নজরে আসে রায়হান। তার পরিচয় নিয়ে সন্দেহ হলে তারা খোঁজখবর নিয়ে নিশ্চিত হন যে, সে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা রায়হান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে খবর পেয়ে সেখানে ছুটে যান তার বাবা নাজিম উদ্দিন।
ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন তিনি। দীর্ঘ সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। পরে রায়হানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান তিনি।
তবে রায়হানকে ফিরে পাওয়ার পরও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার রহস্য কাটেনি। কীভাবে সে কক্সবাজারে গিয়ে ওই চক্রের হাতে পড়ল, কারা তাকে ঢাকায় নিয়ে গেল, কীভাবে তার পা কাটা হলো এবং কারা তাকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছিল—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
স্থানীয়রা বলছেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। রায়হানের বক্তব্য যথাযথভাবে যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তার পা কাটার ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে রায়হানের বক্তব্য যাচাই, কক্সবাজার থেকে ঢাকায় তার যাতায়াতের তথ্য অনুসন্ধান এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত চক্রকে শনাক্ত করার দাবি উঠেছে।
