চট্টগ্রাম প্রতিনিধিঃ বিশ্ববরেণ্য ধ্যানগুরু, কবি, দার্শনিক, চিত্রকর ও শিল্পী এবং চট্টগ্রামের কৃতি সন্তান শ্রী চিন্ময়ের ৯৫তম জন্মোৎসব উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিশেষ অনুষ্ঠানমালা।
গত ২৮ আগস্ট, শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রপ্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ববরেণ্য এই মনীষীর বহুমাত্রিক কর্মজীবন ও সৃষ্টিশীলতাকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে শ্রী চিন্ময়ের রচিত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার এবং চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টারের নিয়মিত শিল্পী বুবলি ঘোষ। সংগীত পরিবেশনায় কোরাসে অংশগ্রহণ করেন শতরুপা চৌধুরী, আত্মজা বিশ্বাস ও অশ্মি চৌধুরী।
শ্রী চিন্ময়ের রচিত কবিতা আবৃত্তি করেন শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রামের সদস্য অনুজা বিশ্বাস, প্রিয়তা পাল, টুম্পা মজুমদার, পলি গুহ ও কিশোর দে।
অনুষ্ঠানস্থলে শ্রী চিন্ময়ের ১৩টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। তাঁর শিল্পকর্মগুলো দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রী চিন্ময়ের আত্মজীবনী নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী। এটিএন নিউজ ও টাইম টিভি নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক ও কবি দিমা নেফারতিতির নির্মিত তথ্যচিত্রটিতে শ্রী চিন্ময়ের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর মাছুম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর মো. জসিম উদ্দিন এবং বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
পরিশেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কটল্যান্ডপ্রবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ, পরিচালক, শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিমন ঘোষ।
শ্রী চিন্ময়ের ৯৫তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানমালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংগীত, কবিতা, চিত্রকলা ও দর্শনের অনন্য সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে গভীর অনুরণন সৃষ্টি করে।
