সিলেট প্রতিনিধিঃ ভাটির শিল্পী-সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক শ্রীকান্ত দাশের জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত স্মরণসভায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। তিনি বলেন, শ্রীকান্ত দাশ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। রাজনৈতিক নেতা, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি আজীবন শোষণমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শ থেকে বিচ্যুত হননি।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় নগরীর অভ্র সেন্টারে অভ্র প্রকাশনের আয়োজনে ‘শ্রীকান্ত দাশ অবলোকন: সংগ্রাম-সংস্কৃতি ও মানবমুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
লেখক-গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। তিনি বলেন, শ্রীকান্ত দাশের জীবনকে বুঝতে হলে প্রান্তিক মানুষের সংগ্রাম, কৃষক আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণসংস্কৃতির ইতিহাসকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও শিক্ষক পার্থ সারথী দাশ। এছাড়া বক্তব্য দেন রাজেশ কান্তি দাশ, মানিক চৌধুরী, আহমেদুর রশীদ চৌধুরী ও অ্যাডভোকেট সুব্রত দাশ। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন শ্রীকান্ত দাশের ছেলে সুশান্ত দাশ ও নাতনি দীপা দাশ।
আলোচনা শেষে সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শ্রীকান্ত দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
