মহামায়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হতে চান হাবিবউল্যাহ মেজবা

মাটিয়াগোদার উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় সম্ভাব্য এই প্রার্থীর

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ আসন্ন ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং ওয়ার্ডের মাটিয়াগোদা এলাকায় সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবউল্যাহ মেজবা। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন হাবিবউল্যাহ মেজবা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সহযোগিতা করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন তিনি।

স্থানীয়দের একাংশের মতে, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে হাবিবউল্যাহ মেজবাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হাবিবউল্যাহ মেজবা বলেন, আমি কোনো পদের লোভে নয়, মাটিয়াগোদা এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সেবা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাটিয়াগোদা এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। হাবিবউল্যাহ মেজবার প্রার্থিতার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তার অবস্থান এবং ভোটারদের সমর্থন কতটা সুসংহত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের সময় পর্যন্ত।

You may also like

Leave a Comment

;